ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার অবস্থা সোমবারও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। সকালে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে দেখার পর সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।
স্কয়ার হাসপাতালের আইসিইউর চিকিৎসক মির্জা নাজিমউদ্দিন বলেন, "মান্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিতই আছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছি। এখনো কৃত্রিম যন্ত্রে তাঁকে অক্সিজেন নিতে হচ্ছে।"
মির্জা নাজিমউদ্দিন জানান, ফুসফুসে ক্যান্সারের কারণে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না।
অপর একজন চিকিৎসক জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শতকরা ৭০-৭৫ ভাগ অক্সিজেন যন্ত্রের মাধ্যমে মান্নান ভূঁইয়া গ্রহন করছেন। লাইফ সাপোর্ট স্থাপন করায় তাকে বেশিরভাগ সময় ঘুমে রাখা হচ্ছে।"
স্কয়ার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়ার চিকিৎসা চালাচ্ছেন।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মান্নান ভূঁইয়ার অবস্থার অবণতি হলে ৫ জুন থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর দুইদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে মান্নান ভূঁইয়াকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত জানুয়ারি মাসে ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মান্নান ভূঁইয়া তার চিকিৎসা শুরু করেন।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত, কয়েকজন সাবেক সচিব ও শিক্ষাবিদ সোমবার সকালে অসুস্থ মান্নান ভূঁইয়াকে হাসপাতালে দেখতে আসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা সর্ম্পকে অবহিত হন।
পরে সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইসিইউতে গিয়ে মান্নান ভূঁইয়াকে দেখে আমি বেদনাহত। দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু মান্নান ভূঁইয়াকে এই অবস্থায় দেখব- আমি ভাবিনি। তিনি আবার সুস্থ জীবনে ফিরে আসুন এটাই আমি কামনা করি।"
তিনি তার ছাত্র ইউনিয়নের সঙ্গী মান্নান ভূঁইয়ার কাজের কথা স্মরণ করেন।
মান্নান ভূইয়ার নির্বাচনী এলাকা নরসিংদীর কর্মী-সমর্থকরা স্কয়ার হাসপাতালে রয়েছেন সর্বক্ষণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২৫২ ঘ.
bdnews24