২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল এরিয়া ম্যাপ করে আদমশুমারি হচ্ছে

দেশে প্রথমবারের মতো ডিজিটাল এরিয়া ম্যাপ ব্যবহার করে লোকগণনা বা আদমশুমারি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 01:40 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো ডিজিটাল এরিয়া ম্যাপ ব্যবহার করে লোকগণনা বা আদমশুমারি করা হবে। রোববার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান হয়। পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ব্যুরো এ আলোচনা সভার আয়োজন করে। ইউএনএফপিএ এতে সহায়তা করে। ২০১১ সালের বাংলাদেশের জনসংখ্যা শুমারির তথ্য দেশের আর্থ- সামাজিক উন্নতির সঙ্গে সংশ্লিষ্ট নীতি নির্ধারণে ভুমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা মত প্রকাশ করেন। 'প্রতিটি জন্মই হোক পরিকল্পিত এবং বাংলাদেশ আদমশুমারি' শীর্ষক মূল বক্তব্য পাঠ করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা। শাহজাহান আলী মোল্লা ২০১১ সালের জনসংখ্যা, ঘরবাড়ি শুমারীর উদ্দেশ্য এবং পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, তিনটি ধাপে এ শুমারি করা হবে। পূর্ব শুমারি, শুমারি এবং পরবর্তী শুমারি।" শাহজাহান আলী মোল্লা বলেন, "শুমারির কাজে মহিলা মাঠকর্মীরা অনেক বেশী দক্ষ। কারণ পরিবারের গৃহিনীরা সকল তথ্য তাদের কাছে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই শুমারি কাজে মাঠকর্মীদের বেশি নিয়োগ দেওয়া হচ্ছে।" ২০১১ সালের জুলাই নাগাদ এ শুমারির প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে বলে শাহজাহান আলী জানান। ইউএনএফপিএ'র বাংলাদেশে প্রতিনিধি আর্থার এরকেন তার স্বাগত বক্তব্যে বলেন, "ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ স্বাস্থ্য খাতের উন্নয়নে এটি বড় বাধা হিসেবে কাজ করছে।" জনসংখ্যা সমস্যা সমাধানে সরকারের প্রতি তাদের সাহায্য অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের সচিব রিতি ইব্রাহিম, বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের প্রতিনিধি ড. ওবায়দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আতাহার আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/২১৫৯ঘ.