ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদার টাকা না দেওয়ায় রাজধানীর শ্যামপুরে এক ব্যবসায়ীর উপর বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
গুরুতর আহত অবস্থায় পুরাতন লোহা ব্যবসায়ী জাকির হোসেন (২৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকাল ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
জাকিরের স্ত্রী খালেদা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী কাজল ও তার সহযোগিরা বেশ কিছুদিন ধরে জাকিরের কাছে চাঁদা চেয়ে আসছে। চাঁদার টাকা না দেওয়ার কারণে তারা জাকিরের উপর বোমা হামলা করেছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, এ ধরণের একটি ঘটনার কথা শুনলেও তাদের কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/২০২৭ঘ.
bdnews24