চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরিফার (১২) সঙ্গে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল দশম শ্রেণীর ছাত্র নয়নের (১৫)। বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন বর নয়নের নানা মাওলানা আব্দুল আজিজ ও কনে আরিফার মা শেলী বেগম।
গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা বাধা দিলেও দুই কিশোর-কিশোরীর পরিবার তাদের কথা অমান্য করে বিয়ের আয়োজন অব্যাহত রাখে।
শুক্রবার সকাল ৯টায় পুলিশ মাওলানা আব্দুল আজিজ (৬০) ও কনে অরিফার ফুফা আব্দুল মতিনকে (৬০) আটক এবং বিয়ে বন্ধ করে দেয়। ফলে কনের বাড়িতে বরযাত্রী এলেও বিয়ে পণ্ড হয়ে যায়।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া মহল্লায়।
সদর থানার ওসি আহসানুল হক সাংবাদিকদের জানান, পৌর এলাকার আঙ্গারিয়াপাড়ার মাওলানা আব্দুল আজিজ তার নাতি স্থানীয় স্কুলের দশম শ্রেণীর ছাত্র নয়নের বিয়ের তারিখ নির্ধারণ করেন শুক্রবার।
নয়নের বাবা রবিউল ইসলাম রবু সৌদি প্রবাসী হওয়ায় তার নানা এ বিয়ের আয়োজন করেন। কনে প্রতিবেশী দুবাই প্রবাসী আশরাফুল ইসলাম বিশুর কিশোরী মেয়ে আরিফা। সেও একই স্কুলে পড়ে ষষ্ঠ শ্রেণীতে।
ওসি জানান, উন্নয়ন সংস্থা এমএমসির 'শিশু প্রকাশ ও প্রয়াস' কর্মসূচির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুল মান্নান তাদের বিয়ে বন্ধ করার অনুরোধ জানায়।
কিন্তু অনুরোধ উপেক্ষা করে বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার সকালে কনের বাড়িতে বরযাত্রী উপস্থিত হয়।
এর পরিপ্রেক্ষিতে সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ও নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারীর নির্দেশে পুলিশ নয়নের নানা আব্দুল আজিজ ও কনে অরিফার ফুফা আব্দুল মতিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে বিয়ে পড়ানো হবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের দু'জনকে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৪ ঘ.
bdnews24