২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায় ইসি

চলতি বছরই মেয়াদ শেষ হয়ে যাওয়া স্থানীয় সরকারের ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চলতি বছরই মেয়াদ শেষ হয়ে যাওয়া স্থানীয় সরকারের ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন একথা বলেন। নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন, "আগামী রমজানের পর (সেপ্টেম্বরের শেষ দিকে) ডিসিসি নির্বাচন অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ইউপি ও পৌরসভাগুলোতেও এ বছরে নির্বাচন শেষ করার পরিকল্পনা আমাদের।" ডিসিসি নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে ২০০৭ সালের মে মাসে। এছাড়া তিন শতাধিক পৌরসভা ও চার হাজারেরও বেশি ইউপি'র নির্বাচন মেয়াদোত্তীর্ণ হয়ে রয়েছে। বছরের শুরুতে ডিসিসিসহ স্থানীয় সরকারের বাকি নির্বাচনগুলো শেষ করার উদ্যোগ থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে যায়। গত ১১ জুন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, "নভেম্বরে ইউপি নির্বাচন করতে চায় সরকার।" ডিসিসি নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনার কথা জানান এই নির্বাচন কমিশনার। সংলাপে আলোচনার বিষয়বস্তুর খসড়া তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। "গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যেসব সংশোধনী আনার প্রস্তাব করা হবে সে বিষয়ে তাদের সাথে আলোচনা করা হবে। এক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বকারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে বসা হবে" বলেন সাখাওয়াত। তিনি জানান, ডিসিসির সীমানা পূন:নির্ধারণের কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা যদি কাজটি শেষ করতে না পারে তাহলে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে ইসি। তিনি জানান, জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করা, নির্বাচন কমিশনের উদ্যোগে জনসভা করা, দলগুলোর নিবন্ধন রাখতে নির্দিষ্ট পরিমান ভোট পাওয়ার বাধ্যবাধকতা আরোপ, সংসদীয় আসন সংখ্যা বাড়ানোসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনা হতে পারে। এছাড়া সিটি করপোরেশন নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে, প্রার্থীদের নির্বাচনী ব্যয় ১৫ লাখ থেকে বাড়ানো, প্রতিটি আসনে কমিশনের নিজস্ব নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের বিষয়েও সংলাপে আলোচনা হবে বলে জানান সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২১২৪ঘ.