বরগুনা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাগরে আরো ছয়টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। বুধবার রাতে বরগুনার হরিণঘাটা উপকূলে জলদস্যুরা ট্রলারে ডাকাতির পর অপহরণ করে নিয়ে গেছে ৩০ জেলেকে।
এ নিয়ে গত পাঁচ দিনে ৪১টি ট্রলারে ডাকাতি এবং অন্তত ৯৭ জন জেলেকে অপহরণ করা হয়েছে। অপহৃত জেলেদের জন্য দস্যুরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পাথরঘাটার ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন।
জলদস্যুর কবলে পড়া একটি ট্রলারের মাঝি আবদুল আজিজ বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে দুটি ট্রলারে করে ২০-২২ জনের একদল জলদস্যু একসঙ্গে থাকা তাদের ছয়টি ট্রলারে হামলা চালায়। দস্যুরা জেলেদের মারধর করে এবং লুটপাট চালায়।
যাওয়ার সময় তারা বিভিন্ন ট্রলার থেকে ৩০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
আজিজ আরো জানান, মুক্তিপণ দিয়ে জেলেদের শুক্রবারের মধ্যে ছাড়িয়ে না আনলে লাশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে দস্যুরা।
পাথরঘাটা কেস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মুশফিকুর রহমান জানান, জেলেদের উদ্ধারের জন্য তারা অভিযান চালাচ্ছেন।
গত রোববার রাতে বঙ্গোপসাগরের দুবলার চরের ভেদাখালী এলাকায় ১৬টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়। ডাকতরা অন্তত ৪৫ জন জেলেকে অপহণ করে নিয়ে যায় এবং ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসব জেলের বাড়ি বরগুনা, বরগুনার পাথরঘাটা উপজেলা ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়।
সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গঙ্গামতি ও নারিকেলবাড়িয়া এলাকায় ১৯টি ট্রলারে ডাকাতি হয়। অপহরণ করা হয় ২২ জেলেকে।
এছাড়া ওইদিন পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় সাগরে অন্তত ৫০টি ট্রলারে ডাকাতি হয়। ডাকাতের গুলিতে নিহত হয় এক জেলে। অন্তত ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.
bdnews24