২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির ২ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

২০১০-১১ অর্থবছরের জন্য ২ হাজার ১৭১ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 01:33 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০-১১ অর্থবছরের জন্য ২ হাজার ১৭১ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর কাজী বশির মিলনায়তনে মেয়র সাদেক হোসেন খোকা এই বাজেট ঘোষণা করেন। বাজেটে ১ হাজার ৭৩৫ কোটি ৪৯ লাখ টাকা উন্নয়নের জন্য রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ৮০ শতাংশ। এ ছাড়া ডিসিসি পরিচালনা ব্যয় বরাদ্দ রাখা হয় ৩৭১ কোটি ৮৫ লাখ টাকা। বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০৪ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বকেয়াসহ রেটস অ্যান্ড ট্যাক্স খাত থেকে সবচেয়ে বেশি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩২৫ কোটি টাকা। এ ছাড়া সালামী ও ভাড়া বাবদ ১০০ কোটি, ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪৬ কোটি, রিকশার লাইসেন্স ফি বাবদ ৫ কোটি , বিজ্ঞাপন ফি বাবদ ১৫ কোটি, বাস-ট্রাক-টার্মিনাল থেকে ১৮ কোটি, গরুর হাট ইজারা বাবদ ১৬ কোটি, রাস্তা খনন ফি বাবদ ৫০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ১০ কোটি, সম্পত্তি হস্তান্তর খাতে ৭৮ কোটি, শিশু পার্ক থেকে ৪ কোটি, বিদ্যুৎ বিল আদায়ের খাত থেকে ১০ কোটি এবং অন্যান্য খাত থেকে ৯ কোটি টাকা আয় হবে বলে বাজেট বতৃতায় জানান ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। এ ছাড়া সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক প্রকল্প থেকে ১ হাজার ২৫৪ কোটি টাকার সাহায্য হিসাবে আসবে বলে ধরা হয়েছে। সরকারি উন্নয়ন অনুদান থোক বরাদ্দ হিসেবে ১০০ কোটি টাকা পাওয়ার আশা করেন ঢাকার মেয়র। ঘোষিত বাজেটে উল্লেখযোগ্য ব্যয়ের হিসাবও তুলে ধরেন তিনি। উন্নয়ন ব্যয়ের মধ্যে রয়েছে-সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষনাবেক্ষণ ও উন্নয়ন খাতে ২৭৯ কোটি ৫০ লাখ টাকা, কবরস্থান, শ্মশানঘাট ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের শেষকৃত্য স্থান নির্মাণ, সংস্কার ও উন্নয়ন খাতে ৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া শহীদ জিয়া পার্কের আধুনিকায়নের জন্য ৩ কোটি টাকা, বিভিন্ন পার্ক ও খেলার মাঠ উন্নয়নে ৬ কোটি টাকা, আঞ্চলিক কার্যালয় ও বাজার নির্মাণ খাতে ২৭ কোটি টাকা, স্যুইপার কলোনী নির্মাণে ১১ কোটি ৫০ লাখ টাকা, কার পার্কিং খাতে ৫ কোটি টাকা ও পরিবেশ উন্নয়ন খাতে ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাদেক হোসেন খোকা জানান, কমিউনিটি সেন্টার নির্মাণ ও উন্নয়ন খাতে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ঔষুধসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। বিভিন্ন উন্নয়ন সামগ্রীর আধুনিকায়ন, উন্নয়ন ও ক্রয় খাতে রাখা হয়েছে ২৯ কোটি টাকা। বাজেট ঘোষণায় মেয়র জানান, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় ডিসিসি'র ক্ষতিগ্রস্থ রাস্তার উন্নয়নে ৬৭ কোটি টাকা এবং বেড়িবাঁধ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ৬০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সাদেক হোসেন খোকা উল্লেখ করেন, নগরীর শাহবাগ, শেরাটন, বাংলামটর এবং সোনারগাঁও-এ ৪টি রোড আন্ডারপাস নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে সরকারি অর্থায়নে জরুরি সেবাসমূহ স্থানান্তরের জন্য ৩৪১ কোটি টাকা এবং উদ্যোক্তা অর্থায়নে ৩৩৫ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পিপিপি পদ্ধতিতে কাওরান বাজার এলাকায় বহুতল কার পার্কিং নির্মাণের জন্য ১০ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। ডিসিসি'র অর্থ বিষয়ক সাব-কমিটি এবং ওয়ার্ড কাউন্সিলরদের সাধারণ সভায় ২০০৯-১০ অর্থবছরের ৯৭০ কোটি ৫৬ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন এবং বর্তমান বাজেট চূড়ান্ত করা হয়েছে বলে জানান মেয়র খোকা। মেয়র হিসেবে নির্ধারিত মেয়াদ ২০০৭ এর ১৪ মে শেষ হয়ে যাওয়ার পরও ৪র্থ বারের মতো বাজেট ঘোষণা করলেন সাদেক হোসেন খোকা। বাজেট বতৃতায় মেয়র বলেন, "দেশের এক দশমাংশ জনসাধারণ এখন ঢাকায় বসবাস করে। ফলে ঢাকার বর্তমান বাজেট হওয়া উচিত কমপক্ষে দশ হাজার কোটি টাকা।" রাজধানীর উন্নয়নে প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা থাকে তাই সিদ্ধান্ত গ্রহণে নানা প্রতিবন্ধকতা তৈরী হয়। নগরবাসীর কাঙ্খিত সেবা প্রাপ্তিকে সহজতর করতে ডিসিসিকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে ন্যস্ত করার আবেদন জানান সাদেক হোসেন খোকা। বাজেট ঘোষণার সময় ডিসিসি'র প্রধান নির্বাহী আবুল কালাম আজাদ, বাজেট প্রণয়ন কমিটির প্রধান কাজী আবুল বাশার, সচিব শামসুজ্জামান, প্রধান প্রকৌশলী আবদুল কাদির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শওকত আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/এইচএ/১৮১৫ ঘ.