ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যানজটে আটকা পড়ে মৃত্যুঝুঁকিতে পড়েছিলেন গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মান্নান ভুঁইয়াকে অ্যাম্বুলেন্সে করে স্কয়ার হাসপাতালে আনার পথে দীর্ঘ যানজটের সম্মুখীন হতে হয়।
মান্নান ভূঁইয়ার ছোট ছেলে ভুঁইয়া নন্দিত নাহিয়ান সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানজট ডিঙিয়ে বিমান বন্দর থেকে আসার পথে বিজয় সরণির কাছে অক্সিজেন শেষ হয়ে যায়। আরেকটি অক্সিজেন সিলিন্ডার লাগানো হলে তাও শেষ পর্যায়ে নেমে আসে। এরকম অবস্থায় অ্যাম্বুলেন্সটি কোনোভাবেই হাসপাতালের দিকে যেতে পারছিলো না।
নন্দিত নাহিয়ান বলেন, "ওই সময় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। টেলিফোনে তাকে বিষয়টি জানান হলে তিনি নিজের পুলিশ প্রটেকশন গাড়িটি অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে উল্টো পথে দ্রুত স্কয়ার হাসপাতালে পৌঁছে দেন। এ সময় অক্সিজেন শেষ পর্যায়ে এসে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চিকিৎসক পাম্প করে বাড়তি অক্সিজেন দিচ্ছিলেন। স্কয়ার হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসকরা দ্রুত মান্নান ভূঁইয়াকে ৫ম তলার আইসিইউতে নিয়ে যায়।"
পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়ার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
সিঙ্গাপুর থেকে মান্নান ভূঁইয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকায় এসে পৌঁছায়।
ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/২১৪৭ঘ.
bdnews24