সুলাইমান নিলয়
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দুটি বিভাগে শিক্ষক নিয়োগে 'যোগ্যদের' প্রধ্যান্য না দেয়ার অভিযোগ করেছেন 'বঞ্চিত' তিন আবেদনকারী।
এর মধ্যে গ্রাফিক্স ডিজাইন বিভাগের প্রভাষক পদের দুই আবেদনকারী অভিযোগ করেছেন, বিএফএ ও এমএফএ পরীক্ষায় ১ম শ্রেণী পাওয়ার পরও তাদেরকে বাদ দিয়ে বিএফএ'র ২য় শ্রেণী পাওয়া দুজনকে নিয়োগে সুপারিশ করেছে বাছাই কমিটি।
অন্যদিকে ভাস্কর্য বিভাগের প্রভাষক পদে এক আবেদনকারী মো. মাহমুদুল হাসান মৌখিক পরীক্ষা বোর্ডে তাকে হেনস্তা ও অবমূল্যায়ণের অভিযোগ করেছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানেরও অভিযোগ করেন।
সোমবার গ্রাফিক্স ডিজাইন বিভাগের ৩টি পদে এবং বুধবার ভাস্কর্য বিভাগের ২টি পদে বাছাই কমিটি আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করে। পরে সব পদের জন্য তারা সিন্ডিকেটে সুপারিশ করে। আগামী সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
গ্রাফিক্স ডিজাইন বিভাগে কমিটির সুপারিশ পাওয়া তিনজন হচ্ছেন-ভদ্রেশু রীটা, সীমা ইসলাম এবং মোঃ হারুন-অর-রশীদ।
অন্যদিকে ভাস্কর্য বিভাগে সুপারিশপ্রাপ্ত ২জন হচ্ছেন নাসিমুল খবির এবং নাসিমা হক মিতু।
এদের মধ্যে গ্রাফিক্স ডিজাইন বিভাগে সীমা ইসলাম ও মোঃ হারুন-অর-রশীদকে প্রভাষক পদে বাছাই করায় অভিযোগ তুলেছেন অপর দুই প্রার্থী সনজীব কান্তি দাস ও বিশ্বজিৎ সরকার।
অন্যদিকে ভাস্কর্ষ বিভাগে নাসিমা হক মিতুকে নেয়ায় অনিয়মের অভিযোগ করেছেন মো. মাহমুদুল হাসান।
সঞ্জিব কান্তি দাস ও বিশ্বজিৎ সরকার অভিযোগ করেন, "এ বিভাগের ইতিহাসে মোট ৪ জন শিক্ষার্থী বিএফএ ও এমএফএ পরীক্ষায় ১ম শ্রেণী পেয়েছেন। এর মধ্যে আমরা দু'জন রয়েছি। এরপরও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।"
নিজেদের অতিরিক্ত নানা যোগ্যতা থাকারও দাবি করেছেন উপরোক্ত দুই প্রার্থী।
গ্রাফিক্স ডিজাইন বিভাগের বাছাই কমিটির সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে কমিটির সদস্য ও বিজ্ঞান অনুষদের ডিন তাজমেরী এস এ ইসলাম লিখিত আপত্তি (নোট অব ডিসেন্ট) দিয়েছেন।
এ ব্যাপারে তাজমেরী এস এ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাছাই কমিটির কেউ কেউ হয়ত আবেদনকারীদের যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে পূর্ব নির্ধারিত কোন এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে এটা করে থাকতে পারেন।"
গ্রাফিক্স ডিজাইন বিভাগের বাছাই কমিটির অপর সদস্যরা হলেন উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এমদাদুল হক মো. মাতলুব আলী, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম কায়সার এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
অন্যদিকে ভাস্কর্য বিভাগের প্রার্থী মো. মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারুকলায় এমএফএ পরীক্ষায় থিসিস নিতে হলে বিএফএ পরীক্ষায় শতকরা ৫৫ভাগ নম্বর থাকতে হয়। তবে শিক্ষার্থীরা চাইলে ৫৫ভাগ নম্বর পাওয়ার পরও থিসিস না নিয়ে থিওরি নিতে পারেন।
তিনি অভিযোগ করেন, "বিএফএ পরীক্ষায় ৬০ ভাগ নম্বর থাকার পরও আমি থিওরি নিয়েছি। অথচ ভাইভা বোর্ডে আমার ৫৫ভাগ নম্বর নাই বলে উল্লেখ করা হয়। এ বিষয়টি আমাকে সেখানে বলার সুযোগও দেওয়া হয়নি।"
মাহমুদুল হাসান দাবি করেন, "বাছাইকৃত প্রার্থী নাসিমা হক মিতুর দুটি ১ম শ্রেণী এবং আমার ৩টি ১ম শ্রেণী রয়েছে। তার বিএফএ সম্মান সনদ নাই, তিনি ডিগ্রি পাস। অথচ কমিটির নিকট তিনি মিথ্যা তথ্য দিয়েছেন।"
নাসিমের এ দুটি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বাছাই কমিটির সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম।
ভাস্কর্ষ বিভাগের বাছাই কমিটির অপর সদস্যরা হলেন উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক এমদাদুল হক মো. মাতলুব আলী এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. হামিদুজ্জামান খান এবং সহযোগী অধ্যাপক লালা রুখ সেলিম।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন উভয় বাছাই কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ।
তিনি দাবি করেন, নিয়োগের বিধান মেনেই মেধার ভিত্তিতে সব কিছু করা হয়েছে।
উপ-উপাচার্য বলেন, "সুপারিশ করা মানে নিয়োগ নয়। সিন্ডিকেটই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেখানে সব মতের ও সব ধরনের লোক রয়েছে।"
তিনি আরো বলেন, "সিন্ডিকেটের আগে কোন সদস্য যদি নিয়োগের ব্যাপারে কথা বলেন সেটা নীতি বহির্ভূত ও অন্যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/২১১২ঘ.
bdnews24