রংপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাবিখা প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা রিয়াজুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী ও সদস্য পবিত্র কুমার বিশ্বাস।
বুধবার পীরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) একটি প্রকল্পের সভাপতি হালিম সরকার।
মামলার নথি থেকে জানা যায়, ভেন্ডাবাড়ি বালিকা বিদ্যালয়ে মাটি ভরাট ও সংস্কারের জন্য ২০০৯-১০ অর্থবছরে কাবিখা কর্মসূচির আওতায় ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
আসামিরা ওই চাল প্রকল্প সভাপতি হালিম সরকারকে না দিয়ে আত্মসাৎ করেন।
পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার এ সংক্রান্ত কাগজপত্র খাদ্য বিভাগ থেকে জব্দ করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24