লক্ষ্মীপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার রামগতির আলেকজান্ডার বাজারে মঙ্গলবার দুপুরে সরকার সমর্থকদের সংঘর্ষে আটজন আহত হয়েছে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রফিক হাওলাদার ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রামগতি থানার ওসি এনামুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় পাইলট হাইস্কুলে সকালে নবম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় আওয়ামী লীগ কর্মী রফিক হাওলাদারদের লোকজন প্রতিপক্ষ আজাদের কর্মীদের ওপর হামলা চালালে এ সংঘর্ষ বাঁধে।
এতে আজাদ গ্র"পের কামাল হাওলাদার (৫০) গুরুতর আহত হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে কামালের বাম কান কেটে গেছে, মাথায় গুরুতর জখমসহ বাম হাত থেতলে গেছে বলে ওসি জানান।
তিনি জানান, এ ঘটনায় আজাদ গ্র"পের নুরুল আলম বাদি হয়ে ১৩ জনকে আসামি করে রামগতি থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৪৫ ঘ.
bdnews24