ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর আদাবরের শিশু সামীউল হত্যা মামলায় তার মা হুমায়রা আক্তার আয়েশাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) জন্য আরো পাঁচ দিন মঞ্জুর করেছে আদালত।
এর আগে দুই দফায় তাকে নয়দিন জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
ওই সময় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কাজী সাহান হক আরো সাতদিন রিমান্ডের আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম রোকসানা বেগম হেপী এই আদেশ দেন।
এছাড়া অপর একটি হত্যা মামলায় একই সময় একই বিচারক শামসুজ্জামান আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই তদন্ত কর্মকর্তা কাজী সাহান হক এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চান।
মামলাটি দায়ের করেন মিরপুর রোডের শ্যামলীর একে ট্রাভেলস এর কাউন্টার মাস্টার মো. ইব্রাহীম খান।
একে ট্রাভেলস এর কাউন্টারের সামনে প্লাস্টিকের ড্রামের মধ্যে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া গেলে মামলাটি করা হয়।
এ মামলায় আরিফকে গ্রেপ্তার দেখিয়ে এর আগে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৯জুন আরিফ ওই হত্যাকাণ্ডে জরিত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
আরিফের দ্বিতীয় স্ত্রী সাথীকেও একই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ২৪ জুন আদাবরের নবোদয় হাইজিং এলাকা থেকে সামীউল আজিমের লাশ উদ্ধার করে পুলিশ।
তার মা হুময়রা আক্তার আয়েশার ও শামসুজ্জামান আরিফের অনৈতিক কাজ দেখে ফেলায় তারা সামীউলকে খুন করে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24