২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আট জেলায় নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, খাগড়াছড়ি, সাতক্ষীরা, বাগেরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, খাগড়াছড়ি, সাতক্ষীরা, বাগেরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচজন। এর মধ্যে গোপালগঞ্জ, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় সোমবার এবং চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও বাগেরহাটে মঙ্গলবার দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় দুপুরে নসিমনের (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) ধাক্কায় তৌহিদুল ইসলাম (২২) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামে। তিনি ঢাকা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলাউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রহনপুর-নওগাঁ সড়কের ধুলাউড়ি এলাকায় নশিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী তৌহিদুল আহত হন। গোমস্তাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ: সদর উপজেলার কোনাগ্রামে কোটালীপাড়া সড়কে সোমবার রাতে দ্রুতগামী মোটরসাইকেল চাপায় নিহত হন অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৮০)। সদর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলটি ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। সদর হাসপাতালে রাত ১২টার তার মৃত্যু হয়। হবিগঞ্জ: সদর উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ভোরে একটি ট্রাক রাস্তার পাশের পড়ে গেলে শিপন মিয়া (২২) নামের এক সহকারীর মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া বলেন, ভোর সাড়ে ৫টায় ঝিনাইদহ থেকে সিলেটগামী একটি ট্রাক অলিপুর রেলগেইটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায়। এতে শিপন ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাদ পুকুড়িয়া গ্রামে। খাগড়াছড়ি: সদর উপজেলার ভুয়াছড়ি সেনাক্যাম্প এলাকায় সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে অমর জ্যোতি চাকমা (২৫) নিহত হন। আহত হন মিন্টু চাকমা (২৬) এবং অজ্ঞাতনামা আরো তিনজন। এদের মধ্যে মিন্টুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাকসেদুর রহমান জানান, বিপরীত দিক থেকে আসা দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও চারজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সাতক্ষীরা: সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গাজিরহাট এলাকায় সকালে বাস চাপায় নিহত হন আবু বক্কর সিদ্দিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী। তার বাড়ি দেবহাটা উপজেলার বাবুরাবাদ গ্রামে। দেবহাটা থানার উপ-পরিদর্শক আব্দুল বারী জানান, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেলে দেবহাটা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-নেকমরদ সড়কে সোমবার রাতে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন নাসিমা বেগম নামে এক মোটরসাইকেল আরোহী। এ সময় আহত হন তার স্বামী সাদ্দাম হোসেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি রাণীশংকৈল উপজেলার গাজিরহাট গ্রামে। ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বাগেরহাট: বাগেরহাট-খুলনা মহাসড়কে কাটাখালী বাসস্ট্যান্ড মোড়ে বিকালে বাস চাপায় মারা যায় শিশু তিন্নি (৩)। এ সময় তার মা পান্না খাতুন (২৫) ও বড় বোন নুপুর (৫) আহত হয়। তাদের জেলার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ফকিরহাটের কাটাখালী এলাকায়। বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, বিকাল ৪টার দিকে খুলনা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তিন্নি মারা যায়। গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জের পান্তাপাড়ায় ঢাকা-রংপুর মহসড়কে সোমবার রাতে লেগুনার (শ্যালো ইঞ্জিনচলিত যানবাহন) চাপায় শাহীনুল ইসলাম (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়। শাহীনুলের বাড়ি বগুড়ার শিবগঞ্জের কারিগর পাড়ায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু সাঈদ জানান, রাত সাড়ে ১০টার দিকে বগুড়াগামী একটি লেগুনা চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লেগুনাটিকে আটক এবং লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২৭ ঘ.