২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অধিকার রক্ষায় ঢাকায় সম্মেলন অক্টোবরে

পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী শ্রমিকদের স্বার্থরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করতে আগামী ২০-২১ অক্টোবর ঢাকায় জনশক্তি আমদানি ও রপ্তানিকারক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী শ্রমিকদের স্বার্থরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করতে আগামী ২০-২১ অক্টোবর ঢাকায় জনশক্তি আমদানি ও রপ্তানিকারক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 'কলম্বো প্রসেস' নামের একটি সংগঠনের ব্যানারে প্রথমবারের মতো এ ধরনের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ২০০৩ সালে প্রথমবারের মতো এশিয়ার জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে বাংলাদেশ এর নেতৃত্বে আসে। প্রবাসী কল্যাণ ও খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এই সংগঠনটির সভাপতি। সম্মেলনের প্রস্তুতি বিষয়ক এক সভা শেষে মন্ত্রী মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি জানান, সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পর্যায়ের পর্বটি এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উর্ধ্বতন কর্মকর্তাদের পর্বটি উদ্বোধন করবেন। কলম্বো প্রসেসের উচ্চ পর্যায়ের সভাগুলো হবে এশিয়ার ১১টি জনশক্তি রপ্তানিকারক দেশে। এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন জনশক্তি আমদানিকারক আটটি দেশের প্রতিনিধি। এ দেশগুলো হলো- মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কোরিয়া, বাহরাইন, ইতালি, কুয়েত ও কাতার। খন্দকার মোশাররফ জানান, সদস্য দেশের মধ্যে মতবিনিময়ের সুযোগসহ এশিয়ার শ্রমিকদের গন্তব্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার একটি মাধ্যম (প্লাটফর্ম) তৈরিতে কলম্বো প্রসেস কাজ করে যাবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কলম্বো প্রসেসের সচিবালয় হিসেবে কাজ করছে। এ সম্মেলন সফল করতে বাংলাদেশ সরকার এবং আইওএম প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, নির্যাতন থেকে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করার জন্য এশিয়ার শ্রমিক প্রেরণকারী কয়েকটি দেশের উদ্যোগে কলম্বো প্রসেসের যাত্রা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৫২ ঘ.