২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর আইন সংস্কারের সুপারিশ

সশস্ত্র বাহিনীর সেনাসদস্য ও কর্মকর্তা-কর্মচারিদের মানবাধিকার নিশ্চিত করতে তিন বাহিনীর বিদ্যমান আইন সংস্কারের সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর সেনাসদস্য ও কর্মকর্তা-কর্মচারিদের মানবাধিকার নিশ্চিত করতে তিন বাহিনীর বিদ্যমান আইন সংস্কারের সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি অভিমত দেয় যে এই তিন বাহিনীর আইন সংস্কার প্রয়োজন। কারণ সেনা, নৌ ও বিমান বাহিনীর বিদ্যমান আইন সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রণীত হয়। কমিটির সভাপতি ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, আইন সংস্কারে সশস্ত্র বাহিনীর কাছ থেকে যুগোপযোগী প্রস্তাবের সুপারিশ করেছে কমিটি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিন বাহিনীর বেশ কিছু 'বঞ্চিত' কর্মকর্তা ও সেনা সদস্য তাদের চাকরিচ্যুতির ব্যপারে 'ন্যায়বিচার' চেয়ে কমিটির সভাপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, "বর্তমান আর্মি অ্যাক্ট, নেভী অ্যাক্ট ও এয়ার ফোর্স অ্যাক্ট ব্রিটিশ-ভারত আমলের ঔপনিবেশিক প্রশাসন প্রণীত। তাই সময়ের চাহিদা মেটাতে এসব আইন যুগোপযোগী করা উচিত।" বিদ্যমান আইনে ওই তিন বাহিনীর কোনো সেনা সদস্য কিংবা কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হলে সে বিষয়ে তাদের কারণ জানার কোনো বিধান নেই। বিএনপি সরকারের দায়ের করা প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিযুক্ত সাবেক এই প্রতিরক্ষা সচিব বলেন "আমরা অনেক চিঠি পেয়েছি, যাতে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকুরিচ্যুত করা হয়েছে বলে দাবি করা হয়।" তিনি জানান, আইন সংস্কারের প্রস্তাবে মানবাধিকারের বিষয়টি বিবেচনায় রাখতে তিন বাহিনীর সদর দপ্তরকে 'অনুরোধ' করেছে কমিটি। কমিটির আগের বৈঠকগুলোতে এসব চিঠি পর্যালোচনা করে 'বঞ্চিত' অনেক সেনা কর্মকর্তা ও সদস্যকে চাকরিতে পুনর্বহালের সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/১৯৩৪ ঘ.