নারায়ণগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ১৬ যাত্রীর মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌজা জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় নদী থেকে আটটি লাশ উদ্ধার করা হয়েছে। সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত এক মহিলার পরিচয় পাওয়া যায়নি। তার লাশ হাসপাপতাল মর্গে রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, নদীতে আরো লাশ রয়েছে কি না তা খুঁেজ দেখার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে। নিহতদের লাশ দাফন ও পরিবহনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার জন্য বন্দর উপজেলা নিবার্হী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিহতেরা হলেন- শ্যামল (২৫), নুর হোসেন (৪৫), মাহবুবুর রহমান (২৬), সেলিম (২৪), জুয়েল (১৮), মুকুল দাস (২৫), রুবেল (১৯) । আনুমানিক ২১ বছর বয়সী এক মহিলার পরিচয় পাওয়া যায়নি।
এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুরে পৌনে ১২টা পর্যন্ত একটি শিশু, একজন মহিলা ও পাঁচজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ২-৩ মাইল দূরে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় লাশগুলো ভেসে ওঠে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় প্রায় ২০০ যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকে। দমকল বাহিনী ও বিআইডব্লিউটিএর'র সদস্যরাসোমবার সারাদিন চেষ্টা করেও কোনো লাশ উদ্ধার করতে পারেনি।
ট্রলার যাত্রীদের বেশিরভাগ নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি, পোশাক কারখানা ও দোকানের শ্রমিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/ডিডি/১৯২২ ঘ.
bdnews24