জাবি, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুটি গ্র"পের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার দুটি মামলা হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে ছাত্রলীগের দুই গ্র"পের এই সংঘর্ষে প্রক্টরসহ অন্তত ৫০ জন আহত হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ১৩ কর্মীকে।
সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭ ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে।
রাতে চারটি হল তল্লাশি করে পুলিশ আটক করেছে ১৭ ছাত্রকে। এর মধ্যে একজনকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রাসেদুল ইসলাম শাফিন গ্র"পের কর্মী আল বেরুনী হলের ছাত্র মো. আব্দুল মালেক বাদি হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা (নম্বর-৯) করেছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য গ্র"পের কর্মী কামালউদ্দিন হলের আতিকুর রহমান হিমু বাদি হয়ে ২৪ জনকে আসামি করে আরেকটি মামলা (নম্বর-১০) করেছেন।
এদিকে, সোমবার রাতে আটক ১৭ ছাত্রের মধ্যে আল বেরুনী হলের শাহাদাত রুমনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের ওই দুটি মামলা গ্রেপ্তার দেখিয়ে সকাল সাড়ে ১১ টায় আদালতে পাঠানো হয় বলে এসআই সাত্তার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24