টাঙ্গাইল, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের মধুপুরে একজন গারো আদিবাসীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে মধুপুরের পাহাড়ি এলাকা ধরাটি-কোনাবাড়ি বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তাপস চিরান (৬০) খুন হন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই লোকজন পলাশ নকরেক (৪২) ও তার সহযোগী সাথী পল্লবকে আটক করে পুলিশে দিয়েছে।
জনতার পিটুনিতে আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার ওসি শাহ জালাল সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে তাপসের সঙ্গে অন্য একটি গারো আদিবাসী গোষ্ঠীর বিরোধ ছিলো। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। রোববার এক সালিশে ঘটনার নিষ্পত্তি হয়। কিন্তু এতে তাপসের প্রতিপক্ষ সন্তুষ্ট হতে পারেনি।
এর জের ধরে পলাশের নেতৃত্বে দুর্বৃত্তরা সোমবার দুপুর ১২টায় তাপসের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তাপস মারা যায়।
এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24