২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের সাবেক ডিসিসহ দুজনের জামিন

জলমহাল ইজারায় অনিয়মের মামলায় সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনোয়ার হোসেনসহ দুজন জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 01:21 PM

সুনামঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলমহাল ইজারায় অনিয়মের মামলায় সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনোয়ার হোসেনসহ দুজন জামিন পেয়েছেন। সোমবার দুপুরে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ (দায়রা জজ) জসীম উদ্দিন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আগেরদিন একই আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। একই মামলায় ওইদিন আরো দুজনকে কারাগারে পাঠানো হয়েছিলো। জামিন পাওয়া অপরজন হলেন- জেলার সাবেক আরডিসি ও বর্তমান সংস্থাপন মন্ত্রণালয়ের সহকারী সচিব মনির হোসেন। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ জানান, দুই আসামির শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত তাদের জামিন দিয়েছে। সোমবার বিকালেই তারা কারাগার থেকে মুক্তি পাবেন বলে তিনি জানান। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার 'আবুয়া নদী'র জলমহাল ইজারায় দুর্নীতির অভিযোগ এনে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার মালেক হোসেন পীর ২০০১ সালে ১২সেপ্টেম্বর সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনোয়ার হোসেন, সাবেক আরডিসি মনির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নিম্নমান সহকারী নূর জাহান বেগম ও অরুণ কুমার অধিকারীসহ সাতজনের বিরুদ্ধে জেলা জজ আদালতে মামলা করেন। মামলা চার মাস পর বিবাদিরা মামলা বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৯ সালের ১২ আগস্ট হাইকোর্ট আবেদন খারিজ করে দেয়। গত ৮ এপ্রিল সুনামগঞ্জ আদালত সাত আসামির বিরুদ্ধে সমন জারি করে। ১০ মে মামলার তিন আসামি হাজির হয়। অন্যদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বোরবার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী বাকি দুজন হলেন-জেলা প্রশাসক কার্যালয়ের নিম্নমান সহকারী নূর জাহান বেগম ও অরুণ কুমার অধিকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০২ ঘ.