ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের জন্য সরকারের ঘোষিত মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম এ ঘোষণা দেন।
তবে এতে শ্রমিকদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শাহ আলম বলেন, "ঘোষিত গেজেটে শ্রমিকদের দাবি পুরোপুরি পূরণ না হলেও আমরা তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শ্রমিকদেরও তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছি।"
শ্রমিকদের ওপর নতুন এই মজুরি কাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকার ৬০ থেকে ১০০ শতাংশ মজুরি বাড়ানোর কথা বলেছে, যা শ্রমিকদের হতবাক করেছে।
তিনি জানান, শ্রমিকদের মজুরি সর্বনিু তিন দশমিক ৮৯ শতাংশ থেকে সর্বোচ্চ ১৮ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।
গত ২৭ জুন শ্রম পরিদপ্তর নৌ-যান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। ওই দিন সংবাদ সম্মেলনে শ্রম ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান দাবি করেন, নতুন কাঠামোতে শ্রমিকদের মজুরি ৬০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা নৌযান শ্রমিকদের জন্য ঘোষিত এ মজুরি কাঠামো পুনর্বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন।
নৌ-শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবিতে এ সংগঠনটি দেশব্যাপী কয়েক দফা নৌ-ধর্মঘট করে।
সভায় আরো উপস্থিত ছিলেন- নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সহ-সভাপতি জিন্নাত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ ও লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২৩৩২ ঘ.
bdnews24