২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন নিয়ে মামলা

মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী ইউনিট কমান্ড নির্বাচনে দু'টি কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

পটুয়াখালী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী ইউনিট কমান্ড নির্বাচনে দু'টি কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে মামলা হয়েছে। রোববার পটুয়াখালীর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন জেলা কমান্ডার পদপ্রার্থী আবুল কাশেম। মামলার বিবাদীরা হলেন- মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনার এম আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং কর্মকর্তা পটুয়াখালীর ইউএনও, রিটানিং কর্মকর্তা বাউফলের ইউএনও, নবনির্বাচিত জেলা কমান্ডার আবদুল বারেক হাওলাদার ও পরাজিত জেলা কমান্ডার পদপ্রার্থী রবীন্দ্রনাথ হালদার। বিচারক মো. জাহিদুল কবির মামলাটি আমলে নিয়ে সাত বিবাদীর মধ্যে রবীন্দ্রনাথ হালদার ছাড়া অপর ছয়জনকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, গত ২৬ জুন জেলা কমান্ডার নির্বাচনের দিন বাউফলের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আসম ফিরোজ বাউফল উপজেলা ভোট কেন্দ্রে উপস্থিত থেকে কমান্ডার পদপ্রার্থী আবদুল বারেক হাওলাদারের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ সৃষ্টি করেন। এছাড়া পটুয়াখালী সদর উপজেলা কেন্দ্রর প্রার্থী রবীন্দ্রনাথ হালদার ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাজাহানের মনোনীত। তাই ওই কেন্দ্রে প্রতিমন্ত্রীর লোকজনের বাধার কারণে বাদী ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৪ ঘ.