২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতে লেখা পাসপোর্টে ভিসা দেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

জরুরি ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের হাতে লেখা পাসপোর্টে ভিসা দেওয়ার জন্য শ্রমশক্তি আমদানিকারক দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের হাতে লেখা পাসপোর্টে ভিসা দেওয়ার জন্য শ্রমশক্তি আমদানিকারক দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু বিদেশি মিশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন। বাংলাদেশি নাগরিকদের হাতে লেখা পাসপোর্টে ভিসা দিতে বেশ কিছু দেশ অস্বীকৃতি জানানোর প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হলো। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) ২০১০ এর এপ্রিলের মধ্যে বিশ্বের সব দেশকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালুর সময়সীমা বেঁধে দিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ সরকার ইতিমধ্যে গত এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেওয়া শুরু করেছে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে হাতে লেখা পাসপোর্টধারীদের সবাইকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সরবরাহ করতে পারেনি সরকার। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, "ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী আমরা ইতিমধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু শুরু করেছি। কিন্তু সব পাসপোর্টধারীকে একসঙ্গে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া সম্ভব নয়।" যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ইস্যুর পক্রিয়া ত্বরান্বিত করা হবে জানিয়ে তিনি বলেন, "আমরা ওই সব দেশের কাছে জরুরি ক্ষেত্রে হাতে লেখা পাসপোর্টে ভিসা দেওয়ার অনুরোধ করেছি।" বৈঠকে কুয়েত, কাতার, লিবিয়া, সৌদি আরব, মালদ্বীপ, ইরান, ইরাক, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও মিশর দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২০৫০ ঘ.