২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের সাবেক ডিসিসহ ৪ জন কারাগারে

সুনামগঞ্জে জলমহাল ইজারায় অনিয়মের মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও রেভিনিউ ডেপুটি কালেক্টরসহ (আরডিসি) চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 01:17 PM

সুনামগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে জলমহাল ইজারায় অনিয়মের মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও রেভিনিউ ডেপুটি কালেক্টরসহ (আরডিসি) চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন- সুনামগঞ্জের সাবেক ডিসি মনোয়ার হোসেন, সাবেক আরডিসি ও বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের সহকারী সচিব মনির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নিুমান সহকারী নূর জাহান বেগম ও নাজির অরুণ কুমার অধিকারী। রোববার জেলার দায়রা জজ আদালতের বিচারক জসীম উদ্দিন এ আদেশ দেন। এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন নাকচ করেন। বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মজিদ জানান, আদালতের আদেশের পরই আসামিদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ১২ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার আবুয়া নদীর জলমহাল ইজারায় দুর্নীতির অভিযোগে শহরের চেগুরিয়া এলাকার মালেক হোসেন পীর এই চারজনসহ মোট সাতজনের বিরুদ্ধে জেলা জজ আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। গত ৮ এপ্রিল জ্যেষ্ঠ বিশেষ সহকারী জজ আদালত সাত আসামির বিরুদ্ধে সমন জারি করে। সমন পেয়ে ১০ মে মামলার তিন আসামি আদালতে এলেও এই চারজন হাজির হননি। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জহুর আলী ও আফতাব উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯৪৬ ঘ.