ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রপতিরে গাড়িবহরে বাধা দেওয়ার মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রোববার তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ মামলায় আদালত তাদের তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গোয়েন্দা কার্যালয়ে তাদের তিনদিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে শনিবার।
গত ১২ ফেব্র"য়ারি রাষ্ট্রপতি গাড়ি বহরে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা এই মামলায় জামায়াতের আমির নিজামীকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
তাকে পল্টন থানায় করা ১৭ ফেব্র"য়ারি পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার থানার মোট তিনটি মামলায় জামায়াতের তিন শীর্ষ নেতাকে তিনদিন করে নয়দিনের হেফাজত নেওয়া হয়েছে। এই মধ্যে একটি মামলায় মুজাহিদ ও সাঈদীর হেফাজত শেষ হয়েছে। আরেকটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদ রোববার থেকে শুরু হয়েছে।
এরপরই ২৭ জুনের হরতালে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে মোট ৫টি মামলায় ১৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত। তাদের এই ১৬ দিন টানা জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে এই মামলায় তাদের জামিন দিলেও অন্য পাঁচ মামলায় হেফাজতে নেওয়ার অনুমতি দেয়।
এর মধ্যে পল্টন থানার তিনটি মামলায় তিনদিন করে নয়দিন, উত্তরা থানার একটি মামলায় তিনদিন এবং রমনা থানার একটি মামলায় চার দিন হেফাজত মঞ্জুর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24