২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

গাজীপুরে ভোগড়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিরোধী সভা চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 05:20 AM

Updated : 25 Aug 2022, 01:19 PM

গাজীপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ভোগড়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিরোধী সভা চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে শনিবার রাত পৌনে ১২ টার দিকে এ মামলা দায়ের করে। মামলায় দেড়/দুই হাজার লোককে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার রাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের মো. লিটন মিয়া (২৯), পাবনার জীবন (২০) ও রংপুরের মো. ফারুক (৩০)। এদিকে শনিবার রাত ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে গণভবনে বৈঠকে করেন। বৈঠকের বিষয়ে মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজউকের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জমি অধিগ্রহণের প্রস্তাবনা কারা দিয়েছিল তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে যাতে এধরনের (জমি অধিগ্রহণের) সিদ্ধান্ত আর না নেওয়া হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শনিবার বিকাল ৪টার দিকে সদরের ভোগড়া বাইপাস মহাসড়কে সর্বদলীয় প্রতিরোধ কমিটির ব্যানারে ড্যাপ বিরোধী সভা শুরুর পর লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেয় এলাকার লোকজন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা যানবাহন ভাংচুর শুরু করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের খবর পেয়ে সর্বদলীয় প্রতিরোধ কমিটি তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয় জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা ঘোষণা করেন। এ সময় তিনি সভাস্থলে উপস্থিত সহকারি পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেনের ওয়াকিটকিতে প্রধানমন্ত্রীর পক্ষে পুলিশ সুপার (এসপি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামানের বক্তব্য মাইকে শোনান। ওয়াকিটকিতে এসপি বলেন, "রাজউকের আওতায় গাজীপুরের জমি অধিগ্রহনের যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহার করা হবে।" এদিকে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বাদী হয়ে শনিবার রাত পৌণে ১২টার দিকে দেড়/দুই হাজার লোককে আসামি করে মামলা দায়ের করেন। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ মামলার সত্যতা স্বীকার করেছেন। জয়দেবপুর থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম জানান, বাইপাসে শনিবার বিকেলে ড্যাপ বিরোধী সভা চলাকালে কতিপয় উচ্ছৃংখল জনতা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অসংখ্য গাড়ি ভাংচুর করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশ-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি জানান, এসময় কতিপয় জনতা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে কয়েকজন পুলিশ আহত হন। কিছু লোক বাইপাস সংলগ্ন রোজ সোয়েটার কারখানার জানালার কাঁচ ভাংচুর করে ও শ্রমিক-কর্মচারীদের উপর হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৫৩৩ ঘ.