ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেফতারকৃত জামায়াত নেতাদের মুক্তির দাবিতে মিছিল নিয়ে রাস্তা আটকে টায়ারে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টির অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শিবিরের মিছিলটি ফকিরাপুল মোড়ে পুলিশ আটকে দিলে নেতা কর্মীরা রাস্তা আটকে অবস্থান নেয়। তারা টায়ার জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়।
পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয়।
আতংক ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে নয় শিবির কর্মীকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতাদের মুক্তির দাবীতে বিকাল সাড়ে চারটার দিকে একটি মিছিল বের করে জামায়াত ও শিবিরকর্মীরা। মতিঝিল জনতা ব্যাংকের সামনে থেকে শুরু করে মিছিলটি দৈনিক বাংলা মোড় হয়ে ফকিরাপুর মোড়ে পৌছলে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলকারীদের বাধা দেয়।
পল্টন থানার ওসি মো. শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফকিরাপুল এলাকায় মিছিলে বাধা দেওয়া হলে তারা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন লাগিয়ে আতংক সৃষ্টির চেষ্টা চালায়। আমরা মিছিলকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়েছে।"
তবে এ ঘটনায় কোন সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৯১০ ঘ.
bdnews24