গাজীপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতায় প্রস্তাবিত উপশহর প্রকল্পের বিরোধিতা করে গাজীপুর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে একদল এলাকাবাসী।
শনিবার ৪টার দিকে ভোগড়া বাইপাস মহাসড়কে সর্বদলীয় প্রতিরোধ কমিটির ব্যানারে সভা শুরুর পর লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেয় এলাকার লোকজন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তারা কয়েকটি বাস ভাংচুরও করে।
বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই সমাবেশের কারণে মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
ড্যাপের আওতায় ২০১৫ সালের মধ্যে গাজীপুরে কয়েকটি উপশহর প্রকল্প করার পরিকল্পনা রয়েছে।
শুক্রবারও বোর্ডবাজারে ঢাকা-মায়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করে।
এলাকাবাসীর দাবি, প্রকল্প বাস্তাবায়িত হলে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানাসহ ঘরবাড়ি, কৃষিজমি, খামার প্রভৃতি ক্ষতিগ্রস্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/জিএনএ/ ১৮২১ ঘ.
bdnews24