ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বীমা প্রথার পরিবর্তে ট্রাস্টি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
এ পদ্ধতিতে একজন ক্ষতিগ্রস্ত যাত্রী ট্রাস্টি বোর্ড থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে।
শনিবার আব্দুল গণি রোডে রেলওয়ে ভবন মিলনাতয়নে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে বীমা পদ্ধতিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন যাত্রীর সর্বোচ্চ ২০ হাজার টাকা পাওয়ার বিধান রয়েছে। এজন্য গাড়ি মালিক ও যাত্রীদের ১২টি শর্ত পূরণ করতে হয়। যে কারণে মাত্র পাঁচ শতাংশ যাত্রী ক্ষতিপূরণের অর্থ পায়।
নৌ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক যাত্রী ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ পাচ্ছে জানিয়ে তিনি বলেন, "একই পদ্ধতি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও প্রচলন করা হবে। এজন্য আইনের প্রয়োজনীয় সংশোধণ করা হবে।"
সভায় ঐক্য পরিষদের ১৬ দফা দাবি ও শ্রমিক, মালিকদের বিভিন্ন সমস্যার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তাদের সুপারিশগুলো যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান শাজাহান খান।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএ'র চেয়ারম্যান ড. আইয়ুবুর রহমান খানসহ সরকারি কর্মকর্তা, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/কেএমএস/১৬৪৫ ঘ.
bdnews24