ঢাকা, ০৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগে আজিজ কো-অপারেটিভ মেডিসিন মার্কেটে সাতটি দোকানে ডাকাতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ ডাকাতি হয় বলে দোকান মালিকরা জানান।
ডাকাতরা ৭টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিকেরা।
দোকানগুলো হলো- ভূঁইয়া ফার্মেসী, সরকার ফার্মেসী, ইসমাইল ড্রাগস, অভি ড্রাগস, ভাই ভাই ফার্মেসী, জনপ্রিয় ফার্মেসী ও এ টু জেড ফার্মেসী।
পুলিশ এ ঘটনায় মজিবুর রহমান, মনসুর আলী এবং মানিক হাওলাদার নামে তিন নৈশ প্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
মজিবুর রহমান শাহবাগ থানায় জানান, রাত সাড়ে তিনটার দিকে মার্কেটের উত্তর দিক থেকে ৩/৪জন অস্ত্রধারী ডাকাত ঢুকে তাকে এবং মনসুরকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি দোকানে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়।
প্রায় আধাঘন্টা পর চিৎকার শুনে তিনতলা থেকে মানিক হওলাদার এসে তাদের উদ্ধার করে।
মজিবুর বলেন, "ডাকাতদের মুখ কাপড় দিয়ে ঢাকা এবং তাদের কাছে পিস্তল ও বড় রামদা ছিল।"
শাহবাহ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নৈশ প্রহরীরা সন্দেহের উর্ধ্বে নয়। এরপরেও ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
মার্কেট সমিতির সভাপতি হাসমত উল্লাহ নূরী বলেন, "ডাকাতরা অস্ত্রের মুখে নৈশ প্রহরীদের জিম্মি করে ওষুধ ও নগদ টাকা নিয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/কেএমএস/১৬১৭ ঘ.
bdnews24