২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 01:06 PM

দিনাজপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খনির প্রধান দুটি ফটকে নিষেধাজ্ঞার নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার কাজের বাইরে থাকা শ্রমিকরা কর্মরতদের বাধা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কয়লা উত্তোলন শুরু করার দাবিতে শ্রমিকরা সকাল ১০টার দিকে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে খনির দুটি প্রবেশ পথে অবস্থান নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ১১ মে খনির ১১০৮ নং ফেইসে দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনায় এর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ওই দুর্ঘটনায় একজন বাংলাদেশি শ্রমিক নিহত হন। আহত হয় চীনা এক শ্রমিকসহ ২০ জন। খনির রাস্তা মেরামতসহ ভূ-গর্ভে ভ্যান্টিলেশন, বিদ্যুৎ ও পানির পাম্প চালু রাখার কাজে নিয়োজিত রাখা হয়। বাকিদের ছুটি দেওয়া হয়। খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বলেন, "কয়লা উত্তোলনের পদ্ধতিগত পার্থক্যের কারণে তড়িঘড়ি করে উৎপাদনের ঝুঁকি নেওয়া যাচ্ছেনা।" অচিরেই সমস্যার সমাধান হবে জানিয়ে তিনি বলেন, জার্মানি ও চীনের পরামর্শকরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। কয়লা উত্তোলনের সিদ্ধান্ত হলেই শ্রমিকরা কাজে যোগ দিতে পারবে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, "কর্তৃপক্ষের আকস্মিক এই নিষেধাজ্ঞায় আমরা হতবাক। আদৌ আমাদের চাকুরি আছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত।" তিনি জানান, বাধ্য হয়ে তারা আন্দোলন শুরু করেছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে দাবি না মানলে রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে। বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর অধীনে ২১৪ জন বাংলাদেশি শ্রমিক খনিতে কাজ করছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এ্যাক্সএমসি'র নিয়োগ দেওয়া শ্রমিকের সংখ্যা ১০৮৬ জন। খনিতে বর্তমানে প্রায় সোয়া লাখ টন কয়লা মজুদ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২৩১৩ ঘ.