২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চেহারায় সদরঘাট

প্রতিষ্ঠার ৪৩ বছর পর পাল্টে গেল ঢাকার ব্যস্ততম নৌ-ঘাট সদরঘাটের ব্যবস্থাপনা পদ্ধতি। বর্তমান সরকারের 'শ্রম যার, মজুরি তার' কর্মসূচির আওতায় বৃহস্পতিবার থেকে এ ঘাটে শুরু হয়েছে নতুন শ্রম ব্যবস্থাপনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 09:39 AM

Updated : 25 Aug 2022, 01:08 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠার ৪৩ বছর পর পাল্টে গেল ঢাকার ব্যস্ততম নৌ-ঘাট সদরঘাটের ব্যবস্থাপনা পদ্ধতি। বর্তমান সরকারের 'শ্রম যার, মজুরি তার' কর্মসূচির আওতায় বৃহস্পতিবার থেকে এ ঘাটে শুরু হয়েছে নতুন শ্রম ব্যবস্থাপনা। এ পদ্ধতির আওতায় বৃহস্পতিবার থেকে ইজারাদারের পরিবর্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিবন্ধিত ১০০ শ্রমিক দিয়ে ঘাটটি পরিচালনা করা হচ্ছে। তবে সদরঘাটকে ইজারা প্রথার বাইরে আনা হলেও সংলগ্ন সিমসন ঘাট, ওয়াইজঘাট ও কার পার্কিং এখনো ইজারা ব্যবস্থার মাধ্যমেই চলবে। এক্ষেত্রে নতুন করে দরপত্র আহ্বান করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল সাড়ে ১০টায় নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান সদরঘাট টার্মিনালে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "১৯৬৭ সালে সদরঘাটের যাত্রা শুরুর দিন থেকেই ইজারা প্রথা চলে আসছিল। প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী এ ঘাটের মাধ্যমে দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। ইজারা ব্যবস্থার কারণে এতে যাত্রীদের কিছু দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়।" শাজাহান খান আরো জানান, টার্মিনাল ও টার্মিনাল সংলগ্ন পন্টুনে হকার বসিয়ে অর্থ আদায় করা হতো। অমানবিক ও নৈতিকতা বিবর্জিত কার্যকলাপ এবং পকেটমার, ছিচকে চোর ও অজ্ঞান পার্টির তৎপরতা ছিল। এ নৈরাজ্য ও দৌরাত্ব দূর করতেই নতুন প্রথা চালু করা হলো। সদরঘাটে বিআইডব্লিউটিএর নিযুক্ত ইজারাদারদের বকেয়ার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০০-০১ অর্থবছরে ৬৮ লাখ ১৮ হাজার ৩৬০ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে দুই কোটি পাঁচ লাখ ২৬ হাজার ৫৯৭ টাকা ও ২০০৯-১০ অর্থবছরে এক কোটি ২৪ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকা বকেয়া রয়েছে তাদের। এ বকেয়া আদায়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার সদরঘাট টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, 'লাল বাহিনী' খ্যাত ইজারাদারের কর্মীরা কেউ নেই সেখানে। ঘাটে দেখা যায়, কর্মরত সব শ্রমিকের গায়ে বিআইডব্লিউটিএ'র অনুমোদিত আকাশি রঙয়ের প্যান্ট ও শার্ট। কর্তৃপক্ষের নিবন্ধিত ১০০ ঘাট শ্রমিক এখন থেকে এই পোশাকেই কাজ করবেন ঘাটে। ঘাট শ্রমিক মোহর চানকে ১, হারুনকে ৩, খোকনকে ৫৬ ও ফজলুলকে ৫২ নম্বর পোশাক পরে কাজ করতে দেখা যায়। বেলা একটার দিকে চাঁদপুর থেকে বোগদাদিয়া-৫ নামের যাত্রীবাহী লঞ্চটি এসে সদরঘাটে থামলে আকাশি রঙয়ের পোশাকধারী শ্রমিকরা দ্রুত ওই লঞ্চে ওঠেন। পারভীন নামে এক যাত্রীর সঙ্গে দেখা যায় এক শ্রমিককে। ওই শ্রমিক পারভীনের একটি ব্যাগ বহন করছিল। ওই ঘাট শ্রমিক ব্যাগ জোর করে নিয়েছে কিনা, জানতে চাইলে পারভীন বলেন, আজকের চিত্রই আলাদা। আজ আর কোনো শ্রমিক জোর করে তার ব্যাগটি নিতে আসেনি। তিনি নিজেই ওই শ্রমিককে তার ব্যাগটি বহন করার দায়িত্ব দিয়েছেন। বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া জানান, কর্তৃপক্ষ বার্ষিক তালিকাভুক্তির জন্য কুলি প্রতি এক হাজার টাকা অথবা মাসিক ভিত্তিতে প্রতিমাসে ১০০ টাকা করে নেবে। তালিকাভুক্তির জন্য শ্রমিকদের ফেরতযোগ্য তিন হাজার টাকা কর্তৃপক্ষের অনুকুলে জমা দিতে হবে। যা এককালীন অথবা তিন কিস্তিতেও দেওয়া যাবে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ১০০ জন কুলি বা শ্রমিককে এক বছরের জন্য নিবন্ধণ দিয়ে তালিকাভুক্তি দেওয়া হয়েছে। বছর শেষে প্রতিবারই নতুন করে তালিকাভুক্তি নবায়ন করতে হবে। যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, প্রতি গেটে একটি করে অভিযোগ বাক্স থাকবে। কোন যাত্রী হয়রানি বা লাঞ্ছনার শিকার হলে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা সংশ্লিষ্ট শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এজন্য কর্মকর্তাদের মোবাইল ফোন নম্বর দেওয়া থাকবে ঘাটের বিভিন্ন পয়েন্টে। ওদিকে অনুষ্ঠান চলাকালে সদরঘাট এলাকায় একদল শ্রমিককে নতুন পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। এসব শ্রমিকের অভিযোগ, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নতুন পদ্ধতির সঙ্গে ঘাটের নিয়মিত শ্রমিকদের অন্তর্ভুক্ত করেনি। বাইরের অনিয়মিত শ্রমিকদের পরিচয়পত্র দিয়ে এ কাজ করানো হচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যে কোন ব্যবস্থাপনায় পরিবর্তন করা হলে একটু সমস্যা হবেই। শ্রমিকদের কিছু দাবি আছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। এ সময় নৌপরিবহণ সচিব আব্দুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬৩৩ ঘ.