ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপর, মুন্সীগঞ্জ, বরিশাল ও পাবনায় বুধবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলার শানের পাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভোররাতে গাড়ি চাপায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি মারা যান।
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় বিকালে বাস চাপায় মারা গেছে এক স্কুলছাত্র। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তারা মহাসড়ক অবরোধ এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাতনামা (২৭) সাইকেল আরোহী নিহত হয়েছে।
পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় বাসের ধাক্কায় নসিমনের (স্থানীয় যান্ত্রিক যান) দুই যাত্রী নিহত এবং অপর ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুর - রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে বরিশালগামী একটি দ্রুতগামী গাড়ির নিচে চাপা পড়ে এলাকায় পাগল হিসেবে পরিচিত অজ্ঞাতনামা ওই ব্যক্তি মারা যান।
লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজৈর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
মুন্সীগঞ্জ: সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সায়ফুজ্জামান ফারুকী বলেন, স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদি স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মারা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা ঘাতক বাসটি জ্বালিয়ে দেয়। মহাসড়ক অবরোধ করে তারা আরো অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করে।
এতে কুচিয়ামোড়া কলেজ গেটের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মেহেদী হাসান কুচিয়ামোড়া কাইজ্জার চর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
বরিশাল: গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুল হক বলেন, আগৈলঝাড়া থেকে ফরিদপুরগামী একটি ট্রাক নাঠৈ এলাকায় অতিক্রমকালে ট্রাকটির চাপায় অজ্ঞাতনামা সাইকেল আরোহী নিহত হন।
এ সময় স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ ট্রাক এবং এর চালক নাসিরুল ইসলামকে (৪০) আটক করে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পাবনা: সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জানান, সন্ধ্যায় পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি বাস শহরের বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাছপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৭) এবং বিল ভেদুরি গ্রামের আমেনা খাতুন (৩৭) নিহত হন।
আহত হয় ১০জন। এদের মধ্যে পাঁচজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর প্রায় দুই ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এলএন/এমএসবি/২৩০০ ঘ.
bdnews24