নরসিংদী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে দুই মহিলাসহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
উপজেলার কোন্দাপাড়া এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- শহীদ মিয়া (৩৫), সুলতান (৪০), আলমগীর (২৮), নয়ন (১৫), সামাদ (৪০), আমেনা (৫৮), মারুফা (১৮) ও বিক চাঁদ (৪৫)। এরা বাসের যাত্রী।
নিহত লেগুনার দুই যাত্রীর পরিচয় জানা যায়নি।
শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম সাংবাদিকদের জানান, ভৈরব থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসটির সঙ্গে কোন্দাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা লেগুনার (যাত্রীবাহী যান্ত্রিক যান) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে দুজন মারা যায়। বাসটি পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ছয় যাত্রী। আহতদের মধ্যে মারুফা ও বিক চাঁদ নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই জানান, আহতদের মধ্যে গোলাম মিয়া (৪০), শাহেরা বেগম (৬০), শহীদ উদ্দীন (৩৫) ও সাইফুলকে (১১) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত নুরুন্নাহারকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, এ ব্যাপারে শিবপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাস ও লেগুনাটি আটক করেছে।
নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ ও সির্ভিল সার্জন ডা. আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24