ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন চেয়ারম্যান পদে সাত প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
অর্থের বিনিময়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীদের 'জাল' ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ আনেন তারা।
এই সাত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামের পদত্যাগও দাবি করেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ইসমত কাদির গামা ও নঈম জাহাঙ্গীরসহ অন্য চার প্রার্থী।
২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে আহাদ চৌধুরী বলেন, নির্বাচনের দিন অতি বর্ষণের কারণে ভোট কেন্দ্রে ৫০ থেকে ৫৫ ভাগ ভোটার উপস্থিত হন। কিন্তু নির্বাচন কমিশন ৭৫ ভাগ ভোট পড়ার কথা বলেছে। তাদের এই দাবি 'সম্পূর্ণ মিথ্যা'।
তিনি বলেন, নির্বাচন চলাকালে অনেক কেন্দ্রেই প্রকৃত মুক্তিযোদ্ধারা ভোট দিতে যাননি। 'অর্থের বিনিময়ে' সেইসব কেন্দ্রে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা জাল ভোট দিয়েছে।
এজন্য তারা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে দায়ী করেন।
আহাদ অভিযোগ করেন, বিভিন্ন জেলা-উপজেলায় আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী নির্বাচনকে 'প্রভাবিত' করেছেন।
হেলাল মোর্শেদ প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান বিজয়ী হওয়ার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে এলজিইডির প্রকৌশলীদের মাধ্যমে কোটি কোটি টাকা ও অবৈধভাবে প্রভাব বিস্তার করেছেন। ঠিকাদার ও অ-মুক্তিযোদ্ধাদের দিয়ে সন্ত্রাসী কায়দায় নির্বাচন করা হয় বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাত প্রার্থী নির্বাচনী ফলাফল বাতিলে আইনের আশ্রয় নেওয়ারও ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24