২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারুল ইহসান: শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে 'সনদ বাণিজ্যের' অভিযোগ করে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে 'সনদ বাণিজ্যের' অভিযোগ করে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিও পালন করছে। মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এ স্মারকলিপি জমা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের চারটি মূল ক্যাম্পাসে চারজন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্যদের কাউকেই রাষ্ট্রপতি নিয়োগ দেননি। প্রত্যেক ক্যাম্পাসে খরচও ধরা হয় মালিকদের ইচ্ছে মতো। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি শাখার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের সামনে মানববন্ধনের প্রস্তুতি নেয়। তবে পুলিশ শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেয়নি। এ সময় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দেয়। পরে ছাত্রদের পক্ষে দুপুর আড়াইটায় শাহেদ সালমান খান শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। মন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার একান্ত সচিব এস এ মাহমুদ। শাহেদ সালমান খান সাংবাদিকদের বলেন, "এ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ হাজার শিক্ষার্থী চার মালিকের হাতে জিম্মি। তারা সারা দেশে ১২৮টির মতো শাখা খুলে শিক্ষার নামে বাণিজ্য করছে। আমরা প্রকৃত শিক্ষার্থীরা সনদের মূল্য হারাচ্ছি। আমাদের ক্যারিয়ারের ব্যাপক ক্ষতি হচ্ছে।" স্মারকলিপিতে একক কর্তৃপক্ষের অধীনে বিশ্ববিদ্যালয় পরিচালনা, 'সনদ বাণিজ্যের' সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সবআউটার ক্যাম্পাস অবৈধ ঘোষণার দাবি জানানো হয়। পরে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩১২ ঘ.