২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

বজ্রপাতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার বিদ্যুৎ সার্কিট পুড়ে টোল কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় সেতু দিয়ে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 01:01 PM

সরাজগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার বিদ্যুৎ সার্কিট পুড়ে টোল কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় সেতু দিয়ে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত টোল কার্যক্রম বন্ধ থাকায় সেতুর দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেতু রক্ষণাবেক্ষণে নিয়োজিত বঙ্গবন্ধু ব্রিজ স্পেশাল অর্গানাইজেশনের (বিবিএসও) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জাকির হোসেন ম্যানুয়াল পদ্ধতিতে টোল কার্যক্রম চালু করার নির্দেশ দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিবিএসও'র সুপারভাইজার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহান আলী বলেন, "বজ্রপাতে বিদ্যুতের সার্কিট পুড়ে যাওয়ায় সেতুর উভয় প্রান্তের টোল-বুথের ক্লোজ সার্কিট ক্যামেরা ও কম্পিউটারগুলো বিকল হয়ে পড়ে।" টোল প্লাজায় আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, বিকল হওয়ার এক ঘন্টার মধ্যে একটি করে লেন চালু করে পরবর্তী এক ঘন্টার মধ্যে অন্যটিও চালু করা হয়। তিনি জানান, বিদ্যুৎ সার্কিট মেরামতের পর ক্লোজ সার্কিট ক্যামেরা ও কম্পিউটার নেটওর্য়াক চালু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭২৫ ঘ.