ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন আগাম নোটিশ ছাড়াই মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কাজ বন্ধ রেখেছে ভারতের ত্রিপুরা শুল্ক বিভাগ।
এর ফলে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানিমুখী ৫ শতাধিক পন্যবাহী ট্রাক আখাউড়ায় আটকা পড়ে আছে।
আখাউড়া স্থল বন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ত্রিপুরা শুল্ক বিভাগ কোন রকম আগাম নোটিশ ছাড়া মঙ্গলবার সকালে আমদানি-রপ্তানি কাজ বন্ধ করে দেয়। সকালে তারা মৌখিকভাবে বাংলাদেশকে জানায়, ত্রিপুরায় শ্রমিকদের একটি সমস্যার কারনে আমদানি রপ্তানি বন্ধ রাখতে হচ্ছে।
ত্রিপুরা শুল্ক বিভাগের এরকম মনগড়া আচরনে তীব্র ক্ষোভ প্রকাশ করে আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।
এর আগে সোমবার ত্রিপুরায় বনধের কারনে সারাদিন আখাউড়া স্থল বন্দরে কোন আমদানি রপ্তানি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১৫ ঘ.
bdnews24