ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব জাতীয় মহাসড়কগুলো চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সৈয়দ আবুল হোসেন এ কথা জানান।
বর্তমানে মহাসড়কগুলোতে দুই লেন রয়েছে।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়।
নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, "সরকার দেশের সড়ক ব্যবস্থার উন্নয়ন করার লক্ষ্যে কার্যকর পরিকল্পনা প্রণয়নসহ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসাবে দেশের সব জাতীয় মহাসড়ককে পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করা হবে।"
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাজমা বেগমের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, "২০০৯-১০ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত পাট রপ্তানি করে নয়'শ ৮০ কোটি ৬৮ লাখ টাকা এবং পাটজাত দ্রব্য রপ্তানি করে দুই হাজার ৩০১ কোটি ১৪ লাখ টাকা আয় হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/কেএমএস/১১৫৯ ঘ.
bdnews24