ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী বাল্কহেড (বালু পরিবহনকারী) নৌযান শ্রমিকদের ন্যুনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়নি বলে অভিযোগ করেছেন এই নৌযান শ্রমিকরা।
সরকার ঘোষিত নৌযান শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি কাঠামো সংক্রান্ত গেজেটে এ শ্রমিকদের জন্য মজুরি নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার ১৯০ টাকা।
গত এপ্রিলে বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড বোট ওনার্স এসোসিয়েশন এবং বাল্কহেড নৌযান মালিক সমিতির সঙ্গে জাহাজী শ্রমিক ফেডারেশনের স্বাক্ষরিত চুক্তিতে ন্যুনতম মজুরি ৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করার শর্ত রয়েছে।
শ্রম পরিদপ্তর থেকে রোববার প্রকাশিত এ সংক্রান্ত গেজেটে বাল্কহেড নৌযানের শ্রমিকদের মজুরি প্রায় এক হাজার টাকা কম করা হয়েছে বলে অভিযোগ করেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
তবে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এ অভিযোগকে 'অসত্য' হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, "কোনভাবেই চুক্তির চেয়ে কোন শ্রমিকের মজুরি কমানো হয়নি গেজেটে। বরং মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতার চেয়েও ২৪০ টাকা বেশি করা হয়েছে মজুরি। কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য এ ধরণের কথা বলতে পারে।"
সরকারের সমর্থক শ্রমিক সংগঠন জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গত এপ্রিল মাসে বাল্কহেড ট্রলার ও ড্রেজার মালিক সমিতিসহ আটটি শ্রমিক মালিক সংগঠনের সঙ্গে জাহাজী শ্রমিক ফেডারেশনের চুক্তি স্বাক্ষর হয়।
এতে বাল্কহেড নৌযান মালিক সমিতির সভাপতি তফাজ্জল হোসেন ও বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড বোট ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রব্উিল ইসলাম এবং জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।
সম্পাদিত ওই চুক্তিতে দেখা যায়, উভয় পক্ষই এ শ্রেনীর শ্রমিকদের জন্য লস্কর ও বাবুর্চি পর্যায়ে ন্যুনতম তিন হাজার ২০০ টাকা মজুরি নির্ধারনে একমত হয়েছেন। এতে তৃতীয় শ্রেণীর মাস্টার ও চালকদের ন্যুনতম মজুরি পাঁচ হাজার, সুকানি ও গ্রীজারদের জন্য চার হাজার ৫০০, হুইলম্যানদের জন্য চার হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়।
এছাড়াও সাতটি করে ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, অতিরিক্ত দায়িত্ব এবং ঝুঁকি ভাতার প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত ওই কাঠামোতে সর্বসাকূল্যে তৃতীয় শ্রেণীর মাস্টার ও চালকদের ৭ হাজার ১০০ টাকা থেকে ৮ হাজার ৬০০ টাকা, সুকানি ও গ্রীজারদের জন্য ৫ হাজার ৫০০ টাকা থেকে সাত হাজার ১৮০, হুইলম্যানদের জন্য ৪ হাজার ৭০০ থেকে ৬ হাজার ৩০০ এবং লস্কর ও বাবুর্চিদের সর্বসাকূল্যে তিন হাজার ৮০০ থেকে চার হাজার ৮৫০ টাকা মজুরি নির্ধারণ করা হয়।
সরকার ঘোষিত কাঠামোতে লস্কর ও বাবুর্চিদের মূল মজুরি ধরা হয়েছে দুই হাজার ১৯০ টাকা।
এছাড়াও মূল মজুরির ২০ শতাংশ বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৫০ টাকা ধোলাই ভাতা দেওয়া হবে। এতে অতিরিক্ত আরো ৯৮৮ টাকা পাবেন লস্কর ও বাবুর্চিরা। এতে মোট মজুরি দাঁড়াবে তিন হাজার ১৮৮ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১১৩৮ ঘ.
bdnews24