২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের বাইরে বিরোধ নিস্পত্তি করুন: শফিক

বিচারাধীন মামলার জট কমাতে জনসাধারণকে আদালতের বাইরে বিরোধ নিস্পত্তির পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

গাজীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারাধীন মামলার জট কমাতে জনসাধারণকে আদালতের বাইরে বিরোধ নিস্পত্তির পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার সন্ধ্যায় গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে জনসংখ্যার অনুপাতে বিচারকের সংখ্যা অনেক কম। তাই বিচার কাজে দীর্ঘসূত্রিতা হচ্ছে, যা একটি বড় সমস্যা। এর সমাধান হচ্ছে আদালতের বাইরে বিরোধ নিস্পত্তি। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মামলা শেষ হতে ৫-১০ বছর লেগে যায়। এতে পক্ষগুলো আর্থিক ক্ষতির মুখোমুখি হয়। কিন্তু আদালতের বাইরে বিরোধ নিস্পত্তি হলে বাদী-বিবাদী উভয়েরই অর্থ ও সময় অপচয় কম হবে। আইনমন্ত্রী দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পর্যায়ে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপরও গুরুত্বারোপ করেন। গাজীপুরের রাজেন্দ্রপুরে সাউথ এশিয়া ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে মানবাধিকার ও আইন শিক্ষার উপর একটি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠানের তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে পাঁচ সপ্তাহের এই সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই কোর্সে অংশ নেন। সেইলস'র একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান এন আর মাধবা'র সভাপতিত্বে ওই সমাপনী অনুষ্ঠানে সেইলস'র চেয়ারম্যান ড. কামাল হোসেন, নির্বাহী পরিচালক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ড. কামাল হোসেন বলেন, "রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সবাই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তাই পরিবর্তন প্রয়োজন। আইন হচ্ছে এই পরিবর্তনের হাতিয়ার।" অনুষ্ঠান শেষে ২২ জনকে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলিউশন এবং ১৪ জনকে ক্লিনিক্যাল লিগ্যাল কোর্সের উপর সনদ বিতরণ করেন। সাউথ এশিয়া ফাউন্ডেশন (সাফ) পরিচালিত সেইলস একটি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় আইন সংক্রান্ত জ্ঞান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা। এই প্রতিষ্ঠান থেকে এলএলএম ইন সাউথ এশিয়ান ল, এমএ ইন হিউম্যান রাইটসসহ কয়েকটি কোর্সের উপর সনদ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.