২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যানিকে প্যারোলে মুক্তি দিতে স্পিকারের অনুরোধ

বিএনপি'র সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যেতে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অনুরোধ জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যেতে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অনুরোধ জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। বিএনপি নেতাদের কাছে দেওয়া প্রতিশ্র"তি অনুসারে সোমবার তিনি এ অনুরোধ জানান। এর আগে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সাংসদরা স্পিকারের সঙ্গে দেখা করে এ্যানিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যেতে তার মুক্তির দাবি করেন। বিএনপি'র সাংসদদের সঙ্গে বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্পিকার আব্দুল হামিদ বলেন, "দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য এ্যানিকে সম্ভব হলে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি।" তিনি বলেন, "এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্টমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন।" স্পিকার জানান, চিকিৎসকরা যদি তাকে দেশের বাইরে নেওয়ার কথা বলে সরকার তবেই কেবল তাকে যেতে দেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন। "তিনি দোষী কি নির্দোষ তা আদালত ঠিক করবে। কিন্তু তার চিকিৎসার জন্য সরকারের কাছে অনুরোধ করার ব্যাপারে আমার দায়িত্ব রয়েছে," বলেন তিনি। ২৭ জুন বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে রাজধানীর শাহবাগের কাছে সংঘর্ষে আহত দলীয় সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশ হেফাজতে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি