ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান করে সোমবার ৩২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাস্তবায়ন কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনে একাধিক উপকমিটি করতে পারবে।
কমিটি শিক্ষানীতির সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়নের কৌশল ও অগ্রগতি পর্যালোচনা করবে। এবং তা বাস্তবায়নে সমস্যাগুলো চিহ্নিত করে তা দূরীকরণে প্রয়োজনীয় নির্দেশ দিবে।
এ কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয়) মোহাম্মদ আলমগীর।
কমিটির অন্য সদস্যরা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব, অর্থ সচিব, সংস্থাপন সচিব, যুব ও ক্রীড়া সচিব, সংস্কৃতি সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, পরিবেশ ও বন সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত সচিব (উন্নয়ন), যুগ্ম-সচিব (মাধ্যমিক), যুগ্ম-সচিব (কলেজ), যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সচিব (মাদ্রাসা ও কারিগরি), যুগ্ম প্রধান (পরিকল্পনা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সিদ্দিকুর রহমান, জাতীয় শিক্ষা প্রশাসন একাডেমীর পরিচালক ( প্রশিক্ষন ও বাস্তবায়ন) অধ্যাপক ইকরামুল কবির, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/জিএনএ/১৯৩২ ঘ.
bdnews24