সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় সুনামগঞ্জের ৮ রাইফেলস ব্যাটালিয়নের ১৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হবে।
সিলেট বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ সকাল সাড়ে ৮ টায় আদালত বসবে।
বিশেষ আদালতে সভাপতিত্ব করবেন বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।
রোববার বিকালে বিডিআর সিলেট সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচারকাজে সহযোগিতার জন্য উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি, একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর পদবীর বিডিআর কর্মকর্তা।
মামলার প্রসিকিউটর ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাবেন।
আদালতের কার্যক্রম চলাকালে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য "ফ্রেন্ড অব দ্যা একিউজড" হিসেবে মেজর মোহাম্মদ সাইফুল ওয়াদুদকে নিয়োগ করা হয়েছে।
গত ২ এপ্রিল এ আদালতে ৮ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ শুরু হয়।
পরদিন মামলার শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করে সোমবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন।
পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বিডিআর বিদ্রোহের বিচারে গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে।
এর মধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/২১১১ ঘ.
bdnews24