ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ৫৪ হাজার ৪১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হেলাল মোর্শেদ খান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদ চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ২৫৮ ভোট।
৬৪ জেলার বেসরকারি ফলাফলে নির্বাচনে ৪১ সদস্যের কমিটির অন্য ৪০ টি পদেও হেলাল ও এমদাদ হোসেন মতিনের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়।
তাদের প্রতিদ্বন্দ্বী ছিল অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী এবং মহিউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পরিষদ।
রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে এ ফলাফল প্রকাশ করা হয়।
৫৩ হাজার ভোট পেয়ে মহাসচিব (প্রশাসন) নির্বাচিত হন এমদাদ হোসেন মতিন। তার প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ৩২ হাজার ৮৯৫ ভোট।
৫১ হাজার ১৮ ভোট পেয়ে মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) পদে বিজয়ী হয়েছেন মনোয়ারুল হক খান লাবলু। তার প্রতিদ্বন্দ্বী কেএম মোদাচ্ছের পান ৩০ হাজার ৫৬৪ ভোট। ৪৬ হাজার ৩৩৮ ভোট পেয়ে মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) নির্বাচিত হয়েছেন মনিরুল হক। তার প্রতিদ্বন্দ্বী মেজর ওয়াকার হাসান পান ৩১ হাজার ৬২৯ ভোট।
ভাইস চেয়ারম্যানের ছয়টি পদে বিজয়ী হন- প্রকৌশলী ওয়াহিদুর রহমান, সুলতান উদ্দিন আহমেদ রাজা, এএম হাবিব উল্লাহ খান, মাহমুদুল হক, শামসুল কাওনাইন (কুতুব) এবং আবুল মুনছুর।
নির্বাচিত চার যুগ্ম-মহাসচিব হলেন- শফিকুল বাহার মজুমদার টিপু, সৈয়দ আহম্মেদ মজুমদার, আসাদুজ্জামান আরজু ও আলহাজ্জ শরিফ উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন পাহাড়ী। সহ-সাংগঠনিক সম্পাদকের চারটি পদে নির্বাচিতরা হলেন- হামদে রাব্বী নান্নু, ছাইদুজ্জামান তারা, এসএম মর্তুজা হোসাইন ও বাদশা মিয়া।
সম্পাদক মণ্ডলীর ১৫টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন- সৈয়দ আব্দুল মালেক, কেএম নজরুল ইসলাম, আতাহার উদ্দিন তালুকদার, আলাউদ্দিন মিয়া, কাজী কবির উদ্দিন, আকতারুজ্জামান তারা, শাহ আলম, রহমত আলী, একেএম গোলাম কবীর শিকদার, হাফিজ মাহবুবুর রহমান, আব্দুল মান্নান মজুমদার, মো. শাহাবুদ্দিন, হেদাতুল বারী, এবিএম সুলতান আহমেদ ও ফজলুল হক বেগ।
কার্যকরী কমিটি সদস্যের সাতটি পদে নির্বাচিতরা হলেন- গাজী রহমত উল্লাহ (দাদু ভাই), মাসুদ পারভেজ (সোহেল রানা), আব্দুল মান্নান মনা, গুলজার আহমেদ খান, শেখ লিয়াকত আলী, জয়নাল আবেদীন ও জহির উদ্দিন আহম্মেদ জালাল।
এরআগে শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ৬৪টি জেলা ও ৪৮১টি উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে এক লাখ ৬২ হাজার ৩৫৫ জন ভোটার ছিলেন।
কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমাণ্ড কাউন্সিল নির্বাচনের জন্য ভোটাররা তাদের ভোট দেন। কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের ৪১টি পদের জন্য ২১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত ১৩ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এর আগে ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, জেলা কমান্ডের ১৭টি পদ এবং উপজেলা কমান্ডের ১১টি পদের বিপরীতে ভোট দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৪৮ ঘ..
bdnews24