২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপির ২ নেতা আটক

সাতক্ষীরায় হরতালের পক্ষে মিছিল করায় বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

সাতক্ষীরা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় হরতালের পক্ষে মিছিল করায় বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি সৈয়দ এখলেছার আলী বাচ্চু এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। সদর থানার ওসি শাহজাহান আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং মিছিল করায় বাচ্চু ও রাজ্জাককে আটক করা হয়েছে।" রোববার সকাল ১০ টার দিকে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান ওসি। এদিকে, সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকালে শহরের ইটাগাছা হাটের মোড়ে হরতাল সমর্থকরা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। জেলা সদরে দু-একটি ওষুধের দোকান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সরকারি অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিল স্বাভাবিক। সকাল থেকেই জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ইঞ্জিন ভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। শহরের প্রতিটি মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। একই সাথে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ টহল দিচ্ছে। এছাড়া জেলার কলারোয়া, তালা, আশাশুনি, শ্যামনগর উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে বলে জানা গেছে। হরতাল চলাকালে তালা উপজেলা সদর জামায়াতের আমির মাহমুদুল হককে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এর আগে শনিবার সকালে জেলা বিএনপির সদস্য সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক হুদা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীনকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/কেএমএস/১৪৫৫ ঘ.