ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল বিএনপির ডাকা হরতাল চলাকালে রোববার সকাল ৬ টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ১২ থানায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, রমনা থানায় ৩ জন, শাহবাগ থানায় ৮জন, ধানমন্ডি থানায় ২ জন, কলাবাগান থানায় ৫ জন, নিউমার্কেটে ২ জন, লালবাগে ১ জন, কোতোয়ালীতে ৫ জন, বংশালে ১৮ জন, কদমতলীতে ৩ জন, গুলশানে ৪ জন ও বাড্ডা থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী শপুকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানার সহকারী উপ পরিদর্শক বিধু বর্মণ বলেন, সকালে বাড্ডা এলাকার মহিলা ওয়ার্ড কমিশনার পেয়ারা মাকছুদাসহ ১০জনকে পিকেটিং করার সময় গোদারাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন খান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনসহ পাঁচজনকে সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি ভাংচুরের অভিযোগে গেপ্তার করা হয়।
বংশাল থানার ওসি আব্দুল মান্নান বলেন, কাপ্তান বাজার মোড় থেকে মহিলা কমিশনার রাজিয়া আলিমসহ ৫ জনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এলএইচ/কেএমএস/১২১৬ ঘ.
bdnews24