২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাস-প্রাইভেট কারে অগ্নিসংযোগ, আহত ২

রাজধানীর নিউ মার্কেট ওভারব্রীজের নীচে একটি যাত্রীবাহী বাসে এবং মগবাজার রেলক্রসিং এর সামনে একটি প্রাইভেটকারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 12:48 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর নিউ মার্কেট ওভারব্রীজের নীচে একটি যাত্রীবাহী বাসে এবং মগবাজার রেলক্রসিং এর সামনে একটি প্রাইভেটকারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দুইজন আহত হয়েছে। এদিকে মিরপুর থানার উপ পরিদর্শক গোলাম নবী জানান, রাত পৌনে ১১টার দিকে মিরপুর ২ নম্বর সড়কের জার্মান টেনিক্যালের সামনে 'দিশারী পরিবহন' এর একটি যাত্রাবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে স্থানীয় লোকজন কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা বাসে আগুন দিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। এছাড়া একই সময়ে মিরপুর ১০ নম্বর ব্লক সি পানির ট্যাঙ্কের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দমকল বাহিনীর কন্ট্রোল রুম জানায়। আগুন নেভাতে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। প্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের হরতালের আগের রাতে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটলো। মগবাজারে প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনায় দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। এরা হলেন প্রাইভেটকার চালক মো: সুমন (৩০) ও তার বন্ধু ফারুক হোসেন (২৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ সুমন জানান, রেলগেট এলাকায় আসা মাত্র তার প্রাইভেটকারের গতি রোধ করে কয়েকজন যুবক পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর কন্ট্রোল রুম থেকে অপারেটর আনজুম জানান, শনিবার রাত ৯টায় নিউমার্কেট ওভারব্রীজের নীচে একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করে। পলাশী থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার কিছুক্ষণ আগে রাত পৌনে ৯টার দিকে মগবাজার রেলগেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয়ার কথাও জানায় দমকলের কন্ট্রোলরুম। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এই অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন "খালেদা জিয়া 'ধ্বংসাত্মক' রাজনীতি করবেন না বলার পরও এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।" তিনি বিএনপিকে 'হিংসাত্মক' ও 'ধ্বংসাত্মক' রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে হুঁশিয়ার করে দিয়ে বলেন, "আগামীতে এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/এইচএ/২৩১১ ঘ.