দিনাজপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত রোগীর স্বজনদের দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসকরা শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইফতেখার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৮ জুন হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর মৃত্যু হলে তার আত্মীয়-স্বজনরা ইন্টার্ন ডাক্তারদের উপর হামলা চালায়। এরপর ২১ জুন রাতে কোতয়ালি থানায় ১০ জন চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন তারা।
তিনি জানান, এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গত বুধবার হাসপাতালের পরিচালক ডা. সামসুল আলমের সঙ্গে দেখা করেন। এসময় ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যহার করা না হলে ২৬ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কথা জানান তারা।
কিন্তু মামলা প্রত্যাহার না হওয়ায় শনিবার সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
হাসপাতালের পরিচালক ডা. সামসুল আলম জানান, শনিবার সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট শুরু করেছেন। তবে মামলা প্রত্যাহার না হলে হাসপাতালের সব চিকিৎসরা ধর্মঘটে যাবেন বলে তিনি জানান।
গত ২১ জুন ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং রোগীর আত্মীয়-স্বজনকে হাসপাতালের কক্ষে আটক করে বেদম প্রহার ও হত্যা চেষ্টার অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় হাসপাতালের ১০ জন চিকিৎসক এবং অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়।
মামলাটি করেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের মো. আব্দুল আজিজের পুত্র মো. আব্দুর রাজ্জাক।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুন বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মো. ওমর ফারুক বিষপান করলে তাকে তাৎক্ষণিক বোচাগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দিমেক হাসপাতালে ভর্তির পর ওমর ফারুক সুস্থ হয়ে উঠে। ১৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওমর ফারুকের আত্মীয়-স্বজনরা তাকে দেখতে আসে। তাদের সঙ্গে কথা বলার সময় মেডিসিন ইউনিটের ডা. সাইফুল ইসলাম (৩৮) ও ইন্টার্নি ডা. শিফা (২৫) এসে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে।
এরপর তারা রোগীর দেহে একটি ইনজেকশন দেয়। এর পরপরই ওমর ফারুকের শ্বাসকষ্ট শুরু হয় ও জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
আভিযোগে আরও বলা হয়, কথাবার্তা বলতে থাকা রোগী ইনজেকশন দেওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলল কেন- এই কথা বলতে গেলে চিকিৎসকরা ক্ষিপ্ত হয়ে রোগীর বোন রোজিনা খাতুনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
কিছুক্ষণের মধ্যেই প্রায় ১০/১৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে রোগীর আত্মীয় শামসুল ইসলাম, বয়তুল ইসলাম, শ্যালক সবুজ, রোজিনা খাতুন ও বোন রেহেনা খাতুনকে বেদম মারপিট শুরু করে। এক পর্যায়ে তাদেরকে হাসপাতালের নিচ তলায় একটি কক্ষে আটক করে গলায় পা চেপে ধরে হত্যার চেষ্টা করে।
তাদের চিৎকার ও এ ঘটনায় হৈচৈ শুরু হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয় হয়। পুলিশ এলে চিকিৎসকরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশের সহায়তায় উদ্ধার হওয়ার পর আহতদের দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩০৪ ঘ.
bdnews24