২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মোশরেফা মিশুসহ গ্রেপ্তার ৪

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 12:47 PM

গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ। শুক্রবার বিকাল ৪টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সমাবেশ করার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার করা অন্য তিনজন হলেন- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, দুই পোশাক শ্রমিক মো. মনসুর ও মো. বায়োজিদ। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের অনুমতি ছাড়া বাস্তা বন্ধ করে সমাবেশ ও মিছিল করার অভিযোগ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, তারা থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শ্রমিক ঐক্য ফোরামের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ বলেন, সংগঠনের দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে মিশু গাজীপুরে সমাবেশ করতে গিয়েছিলেন। তিনি জানান, তাদের সংগঠন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। সাবেক ছাত্র নেতা মোশরেফা মিশু বর্তমানে বিপ্লবী গণতান্ত্রিক পার্টিরও সাধারণ সম্পাদক। থানা হেফাজতে থাকা অবস্থায় মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ায় ৬০ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে, ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণ, পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালু ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করার দাবিতে ওই সভার আয়োজন করা হয়। তিনি দাবি করেন, আগে থেকে অনুমতি নিয়েই ওই সভা ডাকা হয়েছিল। ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়া এলাকায় কয়েকদিন পোশাক শ্রমিক বিক্ষোভ ও সংঘাতের ঘটনায় মালিক পক্ষ মঙ্গলবার সব কারখানা বন্ধ রাখে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরদিন কারখানা খুলে দেয় মালিক পক্ষ। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ৬০ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.