২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে হামলা: ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবারের হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে ছাত্রলীগ ও ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবারের হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। বৃহস্পতিবার বিকালে ছাত্রলীগ এবং বুধবার রাতে ছাত্রদল শাহবাগ থানায় আলাদা দুটি মামলা দায়ের করে। সোমবার ছাত্রলীগ নেতা-কর্মীদের ওই হামলায় ছাত্রদলের অন্তত ২৫ জন নেতা কর্মী আহত হয়। ওই হামলার ঘটনায় বুধবার রাতে ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান বাদী হয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, জিয়া হল শাখার সভাপতি রিফাত হোসেন জিকো, সূর্যসেন হল শাখার সভাপতি সাঈদ মজমুদার, জগন্নাথ হলের উৎপল সাহাসহ ১১ জন ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা মধুর ক্যান্টিনের ভেতরে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এদিকে একই ঘটনায় পাল্টা মামলা করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বাদী হয়ে ছাত্রদলের ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির, মইদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান, মনিরুজ্জামান রেজিন, শাহাদাৎ হোসেন, হাবিবুর রহমানসহ ১৩ জনকে মামলায় আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ছাত্রদল মধুর ক্যান্টিনে নিজেদের মধ্যে মারামারির সময় ছাত্রলীগের উপর হামলা করে। এসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি সাঈদ মজুমদার, জিয়া হল শাখার সভাপতি রিফাত হোসেন, শাহরিয়ার, ফুয়াদ আহত হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, উভয় মামলা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে ছাত্রদল। এর ছয় মাস পর ওই মামলা প্রত্যাহার করতে ছাত্রদলকে চাপ দেয় ছাত্রলীগ। গত সোমবার মামলা প্রত্যাহার করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল নেতা-কর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩১৬ ঘ.